প্রকাশিত: ৬:৫৬ অপরাহন, december ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। পরিবারের দাবির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা করেছে। সেখানে মরদেহ সংরক্ষণের পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এ কারণে আজকের পরিবর্তে মিছিলসহ মরদেহ আগামীকাল সেন্ট্রাল মসজিদে আনা হবে।
ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে, আন্দোলন চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিতে না পারে।
এ ছাড়া মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না বলেও জানানো হয়েছে। সবাইকে শহীদ ওসমান হাদির জন্য দোয়া করা এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।