প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্, december ২০, ২০২৫
সারাদিন ডেস্ক
পরিবারসহ দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে লন্ডনে ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০১) যোগে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি জানান, ডা. জুবাইদা রহমান লন্ডনে গিয়ে স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে যোগ দেবেন। এরপর আগামী বৃহস্পতিবার পরিবারসহ তারেক রহমান দেশে ফিরবেন। নির্ধারিত সময়েই ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে এবং সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।
এর আগে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকার জন্য তিনি দেশে এসেছিলেন। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনি সার্বক্ষণিক হাসপাতালে থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
বুধবার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, এক মাসের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ড আশাবাদী, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই ডা. জুবাইদা রহমান লন্ডনে গেছেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি লন্ডনে পাড়ি জমান।