Print

সারাদিন

‘বন্দরে শিগগিরই আরটিজিএস চালু, কক্সবাজার হবে দেশের প্রথম ক্যাশলেস জেলা’

প্রকাশিত: ৫:৩৪ অপরাহন, december ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ ও দ্রুততর করতে দেশের সব বন্দর ও বিমানবন্দরে সার্বক্ষণিক লেনদেনের জন্য খুব শিগগিরই আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে দেশের প্রথম জেলা হিসেবে কক্সবাজারকে ক্যাশলেস জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু হোটেলে ‘চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিকের হাতে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছাতে হবে। পাশাপাশি প্রান্তিক এলাকায় নারী এজেন্ট নিয়োগের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ নিতে হবে।

চট্টগ্রাম অঞ্চলের গুরুত্ব তুলে ধরে ড. আহসান এইচ মনসুর বলেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশের জন্য সিঙ্গাপুর, দুবাই ও হংকংয়ের মতো চট্টগ্রামের আঞ্চলিক ও বৈশ্বিক কানেক্টিভিটি বাড়াতে হবে। চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের প্রধান সমুদ্রবন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ভারী শিল্প, জ্বালানি অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। এই সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগাতে আর্থিক খাতের শক্তিশালী ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের অব্যবহৃত তহবিল চট্টগ্রাম অঞ্চলের উপযুক্ত গ্রাহকদের মধ্যে বিতরণ করতে হবে। আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে প্রত্যেক ব্যাংককে অন্তত একটি বিদ্যালয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ দিতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ।

Nagad
Nagad

সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বণিক সমিতি, চেম্বার প্রতিনিধি, বন্দর ও কাস্টমস কর্মকর্তা, শিক্ষক, অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংক ও তফসিলি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা ব্যাংকিং, বন্দর, কাস্টমস, রপ্তানি, কৃষি ও শিল্প খাতের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে গভর্নর তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন এবং নীতিগত বিষয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে মো. মকবুল হোসেন স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে আর্থিক সাক্ষরতার বিষয় অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন।