প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্, december ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর শাহবাগের ‘শহীদ হাদি চত্বর’ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
রোববার (২১ ডিসেম্বর) দিনগত রাতে ইনকিলাব মঞ্চ এ কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে বিক্ষোভ মিছিলের কথা জানানো হয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া একই দিন দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে এক জরুরি সংবাদ সম্মেলনেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি। ফেসবুকের আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, হাদি হত্যাকাণ্ডের মতো গুরুতর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টার পরিবর্তে একজন অতিরিক্ত আইজিপিকে সংবাদ সম্মেলনে উপস্থাপন করায় পুরো ঘটনাকে তুচ্ছ করে দেখানো হয়েছে। প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আশানুরূপ জবাব না পাওয়ায় প্রশাসনের বক্তব্য প্রত্যাখ্যান করেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে দাবি করা হয়।
এর আগে রোববার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালের সর্বশেষ অবস্থান শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তিনি উল্লেখ করেন, অনেক সময় অপরাধীরা ইচ্ছাকৃতভাবে নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ায়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর এক সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর পর থেকেই ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীরা দোষীদের শনাক্ত ও বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। এর অংশ হিসেবে গত শনিবার হাদির দাফন শেষে শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়।