Print

সারাদিন

নিবন্ধন সনদ পেলো আমজনতার দল, প্রতীক প্রজাপতি

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্, december ২২, ২০২৫

সারাদিন ডেস্ক

আমজনতার দলের নিবন্ধন-সংক্রান্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে দলটিকে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি নিবন্ধন পেয়েছে ‘প্রজাপতি’ প্রতীকে।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা নিবন্ধন সনদ আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।

নিবন্ধন সনদ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারেক রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আমজনতার দল। তিনি বলেন, ‘আমরা প্রজাপতি মার্কায় নির্বাচনে যাচ্ছি। কারও সঙ্গে জোট করবো না। নিরপেক্ষভাবে ৩০০ আসনে প্রার্থী দেবো।’

তিনি আরও বলেন, ‘আরও আগে নিবন্ধন পেলে ভালো হতো। তবে নিবন্ধন পেয়েছি-এটি আমাদের জন্য আনন্দের। দেশ ও মানুষের স্বার্থে সৎভাবে রাজনীতি করতে চাই।’

নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের কল্যাণে কাজ করাই আমজনতার দলের লক্ষ্য।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর চ্যাপ্টার ৬এ অনুযায়ী নিবন্ধনের সব শর্ত পূরণ করায় সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

Nagad
Nagad

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পরে আপত্তি আহ্বান ও শুনানি শেষে সব প্রক্রিয়া সম্পন্ন করে দলটিকে চূড়ান্ত নিবন্ধন সনদ দেওয়া হয়।