Print

সারাদিন

ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

প্রকাশিত: ৪:০৮ অপরাহন, december ২২, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে ড. আসিফ নজরুল বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারার বিধান অনুযায়ী পুলিশ প্রতিবেদন (চার্জশিট) দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই এই মামলার বিচার সম্পন্ন করা হবে।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদি মারা যান।

হাদির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়। এ প্রেক্ষাপটে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে।

Nagad
Nagad