প্রকাশিত: ৭:৫৮ অপরাহন, december ২২, ২০২৫
সারাদিন ডেস্ক
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার রাতে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ করেন। তারা কিছুক্ষণ সেখানে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেন এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে।
এ ঘটনার প্রেক্ষিতে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান অত্যন্ত নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরা কীভাবে প্রবেশ করতে পারলো, তা প্রশ্নের জন্ম দেয়। তিনি বলেন, এমন ঘটনা প্রত্যাশিত ছিল না এবং এতে দিল্লিতে হাইকমিশনার ও তার পরিবার নিরাপত্তা ঝুঁকি ও হুমকি অনুভব করছেন।
বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা ও কনসুলার কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।