Print

সারাদিন

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ৮:৩২ অপরাহন, december ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২৫ তারিখ বৃহস্পতিবার, ২৬ তারিখ শুক্রবার এবং ২৭ তারিখ শনিবার। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অফিস খোলা থাকে। শনিবার ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। ওই দিন ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত প্রয়োজনীয় সব কার্যক্রম করা হবে।’

তিনি আরও জানান, বৈঠকে সিইসির সঙ্গে মনোনয়নপত্র সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জামিনে মুক্তির সার্টিফাইড কপি জমা দেওয়ার যে বিষয়টি বলা হচ্ছে, সেটি আরপিওতে নেই—এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্রের সঙ্গে এ ধরনের সার্টিফাইড কপি জমা না দেওয়ার বিষয়টি স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ চায়। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং জনগণ উৎসবমুখর পরিবেশে স্বাধীন ও মুক্তভাবে ভোট দিতে পারবে।

বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

Nagad
Nagad

এর আগে জানা যায়, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২০ ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন চলছে। এ জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতিও পেয়েছে বিএনপি।