Print

সারাদিন

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

প্রকাশিত: ৮:৪৪ অপরাহন, december ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নিজের রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলীয় যোগদান সম্পন্ন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসন থেকে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ যোগদানের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপি একটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল। দেশের বর্তমান ক্রান্তিকালে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরিক হতেই তিনি নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে, এমন পরিস্থিতিতে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে চান তিনি ও তার সহকর্মীরা।

Nagad
Nagad

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।