Print

সারাদিন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

প্রকাশিত: ১০:৫৬ অপরাহন, december ২২, ২০২৫

সারাদিন ডেস্ক

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। এ বিষয়ে যেকোনো সময় গেজেট প্রকাশ হতে পারে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর জুবায়ের রহমান চৌধুরী নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে পারেন।

সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

Nagad
Nagad

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনের ওপর আরও একটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।