প্রকাশিত: ৬:১৩ অপরাহন, december ২৩, ২০২৫
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম।
স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি সরকারিভাবে এখনো কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগে সম্প্রতি বিভিন্ন প্রভাবশালী গ্রুপ চরের জমি দখল ও বিক্রির চেষ্টা শুরু করে। এ নিয়ে জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু গ্রুপ এবং সুখচর ইউনিয়নের আলাউদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সূত্র জানায়, দুই গ্রুপই আলাদাভাবে চরের জমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিক্রির চেষ্টা করছিল। এর জেরে একাধিকবার উত্তেজনা তৈরি হলেও মঙ্গলবার তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল প্রায় ১০টার দিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং একপর্যায়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আলাউদ্দিনসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।