Print

সারাদিন

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্, december ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ আটজন নিহত হয়েছেন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তিনি যে জেটে ছিলেন সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন লিবিয়ার আরও চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। দেশ ও লিবিয়ার সশস্ত্র বাহিনীর জন্য এটি অপূরণীয় ক্ষতি।

আল-হাদ্দাদ ছিলেন পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার। জাতিসংঘের তত্ত্বাবধানে বিভক্ত লিবীয় সেনাবাহিনীকে একীভূত করার প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

নিহত অন্য সামরিক কর্মকর্তারা হলেন-স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাওয়ি, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওয়ি দিয়াব এবং সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

Nagad
Nagad

তুরস্কের কর্মকর্তারা আরও জানান, নিহত লিবীয় প্রতিনিধি দলটি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার নিয়ে উচ্চপর্যায়ের প্রতিরক্ষা আলোচনায় অংশ নিতে আঙ্কারায় গিয়েছিল।

এই ঘটনায় লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোককালীন সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব ধরনের সরকারি অনুষ্ঠান স্থগিত থাকবে। সূত্র: আল-জাজিরা