Print

সারাদিন

১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: বরণে স্লোগানে প্রকম্পিত ৩০০ ফিট

প্রকাশিত: ২:০২ অপরাহন, december ২৫, ২০২৫

সারাদিন ডেস্ক

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরাকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণে স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নেতাকর্মীদের ঢল নেমেছে সংবর্ধনাস্থলে। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে তিনি ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হন। কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উপস্থিত হবেন বলে জানিয়েছেন দলীয় সূত্র।

এরই মধ্যে সংবর্ধনা মঞ্চে আসন গ্রহণ করেছেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন লাখো নেতাকর্মী ও সমর্থক। নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ নির্বিশেষে সবাই ব্যানার ও পতাকা হাতে অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

‘তারেক রহমান বীরের বেশে ফিরে এলেন বাংলাদেশে’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’—এমন নানা স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো ৩০০ ফিট এলাকা। সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।

এদিকে সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

Nagad
Nagad