Print

সারাদিন

৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সব বর্জ্য পরিষ্কার করল বিএনপি, লাগানো হবে গাছ

প্রকাশিত: ৫:১২ অপরাহন, december ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট মহাসড়ক), বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় জমে থাকা সব বর্জ্য-আবর্জনা পরিষ্কার করেছে বিএনপি। দলটির উদ্যোগে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য পরিষ্কার করা হয়েছে।’

এর আগে শুক্রবার সকাল থেকে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে বিএনপি। একই সঙ্গে সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘আমাদের নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৩৫০ জন শ্রমিক বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত ছিলেন। আজ সারাদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যদি কোনো অংশে কাজ অসম্পূর্ণ থাকে, তাহলে আগামীকালও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।’

তিনি আরও বলেন, ‘সমাবেশের কারণে যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে নতুন করে গাছ লাগানো হবে।’

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে লাখো নেতাকর্মী ভিড় করেন। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার জুড়ে ছিল মানুষের উপস্থিতি। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান।

Nagad
Nagad