প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্, december ২৭, ২০২৫
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।
সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক পরিবহনের উদ্দেশ্যে সকালে জাহাজটি ঘাটে আসছিল। এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠার বিষয়টি তদারক করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়ই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে। জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি। যাত্রী বোঝাই অবস্থায় মাঝ সাগরে এ ঘটনা ঘটেনি-এটি স্বস্তির বিষয়।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।