Print

সারাদিন

পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ৮ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ৩:৫৭ অপরাহন, december ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এ পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী এই নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৩ জন।

প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

ইসি তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন নিবন্ধন করেছেন। এরপর কাতার থেকে ৫৯ হাজার ৫৮২, ওমান থেকে ৪৬ হাজার ১৪৩, মালয়েশিয়া থেকে ৪৩ হাজার ৮২৯, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৮৭৪ এবং যুক্তরাষ্ট্র থেকে ২৬ হাজার ৭৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার।

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা—৭১ হাজার ১৪৩ জন। এরপর ঢাকা ৬৩ হাজার ৫৯৫, চট্টগ্রাম ৬১ হাজার ৭০৩, নোয়াখালী ৪০ হাজার ৭৪১, সিলেট ৩০ হাজার ৮৯ এবং চাঁদপুরে ২৮ হাজার ৩১৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

Nagad
Nagad

আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসনে সর্বাধিক ১১ হাজার ৭৯৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৯ হাজার ৮১১, কুমিল্লা-১০ আসনে ৯ হাজার ৪৬৬ এবং নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৩৬৫ জন নিবন্ধন করেছেন।

প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন বুধবার এই সময়সীমা বাড়িয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। তবে নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক। সূত্র: বাসস।