Print

সারাদিন

হাদি হত্যার বিচার দাবিতে ৮ বিভাগে সর্বাত্মক অবরোধের ডাক

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্, december ২৮, ২০২৫

সারাদিন ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দেশের আটটি বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দেওয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই ঘোষণা দেন।

এর আগে রাত ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি তুলে ধরে জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

তবে এসব আশ্বাসের পরও আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি স্থগিত না করে তা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। আন্দোলনে নারী ও শিশুরাও উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন শহীদ ওসমান হাদি। অল্প সময়ের মধ্যেই তিনি দেশজুড়ে পরিচিত মুখে পরিণত হন। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার লক্ষ্যে প্রচারণাও চালাচ্ছিলেন তিনি।

Nagad
Nagad

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

হাদি হত্যা মামলার প্রধান আসামি হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিমের নাম উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার একাধিক দিন পেরিয়ে গেলেও তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।