Print

সারাদিন

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: ফখরুল

প্রকাশিত: ৩:৪৩ অপরাহন, december ২৮, ২০২৫

সারাদিন ডেস্ক

কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেবে না বিএনপি-এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির অঙ্গীকার—কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, যেন আমরা কুরআন-সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি না। বাস্তবতা হলো, আমরা সবসময় কুরআন-সুন্নাহর পক্ষে ছিলাম এবং আছি।’

তিনি বলেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনকে বানচাল করতে পেছন থেকে ষড়যন্ত্র চলছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে একের পর এক আইন করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে, অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই দুঃসময় আমরা পার করেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।’

ঐক্য নষ্ট হলে দেশের ক্ষতি হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Nagad
Nagad

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা হয়।