প্রকাশিত: ৫:৩২ অপরাহন, december ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেন।
এনসিপির সঙ্গে জামায়াতের জোট গঠন নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন চলছিল। তবে একই সঙ্গে এলডিপির যুক্ত হওয়ায় এই জোট নতুন মাত্রা পেয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং সমন্বিত কর্মসূচি বাস্তবায়নে এই দলগুলো একসঙ্গে কাজ করবে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই সমমনা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এনসিপি ও এলডিপির সঙ্গে এই জোট আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এনসিপি ও এলডিপির শীর্ষ নেতারাও জোট গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি নির্বাচনী জোট, যার মূল লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাওয়া।
উল্লেখ্য, এর আগে এনসিপির ভেতরে জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত দলটি আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেয়।