প্রকাশিত: ৭:২৬ অপরাহন, december ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর পরিচালনা পর্ষদের পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এসব সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএসইসি।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার মো. সাইফুদ্দিনসহ কমিশনের নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাগুলোতে পুঁজিবাজারের উন্নয়ন, বাজারের স্থিতিশীলতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শুরু হয়। এতে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, মেজর (অব.) এমদাদুল ইসলাম ও ড. মাহমুদ হাসান অংশ নেন।
এরপর বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র পরিচালনা পর্ষদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, সৈয়দ হাম্মাদুল করিম, মোহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূইয়া ও মো. সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে পুঁজিবাজারকে আরও কার্যকর ও গতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।