Print

সারাদিন

ইকুয়েডরের সমুদ্র সৈকতে বন্দুকধারীদের হামলা, শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্, december ২৯, ২০২৫

সারাদিন ডেস্ক

ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্র সৈকতের কাছে বন্দুকধারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) জনপ্রিয় তিমি পর্যবেক্ষণ কেন্দ্র পুয়ের্তো লোপেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একটি ভ্যানগাড়ি ও দুটি মোটরসাইকেলে করে আসা একাধিক বন্দুকধারী হঠাৎ গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে পুয়ের্তো লোপেজে এটি তৃতীয় হামলার ঘটনা। এসব হামলায় এখন পর্যন্ত মোট নয়জন নিহত হয়েছে।

হামলাকারীদের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, অপরাধী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত হতে পারে।

উল্লেখ্য, ইকুয়েডর বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদক দেশ কলম্বিয়া ও পেরুর মাঝামাঝি অবস্থান করায় দেশটি দীর্ঘদিন ধরেই মাদক কার্টেল ও সংঘবদ্ধ অপরাধচক্রের সহিংসতার মুখে রয়েছে। মেক্সিকো ও কলম্বিয়াভিত্তিক গ্যাংগুলোর তৎপরতায় সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

সহিংসতা দমনে প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া কঠোর নীতিমালা গ্রহণ করলেও, সেগুলো এখনো প্রত্যাশিত ফল দিতে পারেনি বলে বিশ্লেষকদের মত।

Nagad
Nagad