Print

সারাদিন

শীতের দাপট থাকবে আরও কয়েক দিন, ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে যোগাযোগ

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্, december ২৯, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশজুড়ে তীব্র শীতের দাপট আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

গত কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা জনজীবনকে কার্যত স্থবির করে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আগামী তিন থেকে চার দিন অপরিবর্তিত থাকতে পারে।

ঘন কুয়াশার ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় গত ২৫ ডিসেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে কুয়াশাচ্ছন্ন অবস্থায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। এই ব্যবধান কমে গেলে শীতের অনুভূতি আরও তীব্র হয়। পাশাপাশি ঘন কুয়াশার কারণে ভূপৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে না পারায় ভূমি উত্তপ্ত হচ্ছে না, ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।

গত রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে-৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জের তাড়াশে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দেশের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

রাজধানী ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Nagad
Nagad

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা আগামী কয়েক দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সাধারণ মানুষকে স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।