প্রকাশিত: ৫:১৩ অপরাহন, december ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
বড় জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে রংপুর রাইডার্স। সিলেটে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেট ও ৫ ওভার হাতে রেখে হারিয়েছে তারা।
রংপুরের এই জয়ের ভিত গড়ে দেন বোলাররা। আগে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে চট্টগ্রাম রয়্যালস ১৭.৫ ওভারে অলআউট হয় মাত্র ১০২ রানে। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ একাই ধস নামান চট্টগ্রামের ব্যাটিং লাইনে—৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরম্যান্স দেখান তিনি।
১০৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় রংপুরের হয়ে ওপেনিং জুটিতেই জয় প্রায় নিশ্চিত করে দেন ডেভিড মালান ও লিটন দাস। ৭৩ বলে ৯১ রানের জুটিতে দলকে এগিয়ে নেন তারা। হাফসেঞ্চুরির আগে থামেন লিটন দাস—৩১ বলে ৪৭ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। পরে তাওহিদ হৃদয় ১ রান করে আউট হন।
এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন ডেভিড মালান। ৪৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ৪৮ বলে ৫১ রান করে আউট হন তিনি। শেষদিকে খুশদিল শাহ একটি ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ১ রানে।
এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরু থেকেই চট্টগ্রামের ব্যাটসম্যানদের চাপে রাখেন রংপুরের বোলাররা। ৩ রানেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। অ্যাডাম রশিংটন ১ রান করে নাহিদ রানার বলে আউট হন। এরপর নাইম শেখ ২০ বলে ৩৯ রান করে ভালো শুরু করলেও মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন। একই ওভারে মাহমুদুল হাসান জয়কেও ফেরান আলিস আল ইসলাম।
এরপর একে একে ফিরে যান মাহিফজুল আলম (১), গুরবাজ (৯), শেখ মাহেদি (১)। সবাই ছিলেন ফাহিম আশরাফের শিকার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করা মির্জা বাইগও বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত ১০২ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
ফাহিম আশরাফ ছাড়াও রংপুরের হয়ে দুটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। একটি করে উইকেট পান নাহিদ রানা, আলিস আল ইসলাম ও সুফিয়ান মুকিম।
দাপুটে এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী শুরু করল রংপুর রাইডার্স।