প্রকাশিত: ৭:৫৭ অপরাহন, december ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দেওয়া হয়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মাহফুজ আলম নিজেই।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক মাহফুজ আলম ওই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।
নির্বাচন ঘিরে মাহফুজ আলমের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিংবা বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে নানা গুঞ্জন থাকলেও তিনি কোনো দলে যোগ দেননি। রোববার জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনি সমঝোতায় এনসিপির যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওই সমঝোতার আওতায় তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না বলেও স্পষ্ট করেন।
ফলে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও এবারের জাতীয় সংসদ নির্বাচনে মাহফুজ আলম প্রার্থী হচ্ছেন না বলে নিশ্চিত হওয়া গেছে।