প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্, december ৩০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, আগামী সাত দিন সারাদেশে বিএনপির সব স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। একইসঙ্গে দলীয় সব কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
রিজভী আরও বলেন, শোক জানাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বই খোলা হবে। খালেদা জিয়ার দাফন ও আনুষ্ঠানিক কর্মসূচির সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।