প্রকাশিত: ৩:১৪ অপরাহন, december ৩০, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিভাবক ও কালজয়ী দেশপ্রেমিক নেতাকে হারাল। জাতীয় জীবনে এই অপূরণীয় শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি বলেন, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রসারে খালেদা জিয়ার আন্তরিকতা, সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত এ খাতের অগ্রযাত্রায় চিরকাল মাইলফলক হয়ে থাকবে।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, দেশের শিল্প ও বাণিজ্যের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অর্থনৈতিক দর্শন ও কর্মময় জীবন অম্লান হয়ে থাকবে। নব্বইয়ের দশকের শুরুতে তার সরকারের নেতৃত্বেই দেশে মুক্তবাজার অর্থনীতির পূর্ণাঙ্গ পথচলা শুরু হয়, যা বেসরকারি খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শোকবার্তায় বিজিএমইএ উল্লেখ করে, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের প্রসারে খালেদা জিয়া বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালে পোশাক খাতের জন্য সহায়ক শুল্ক নীতি ও প্রশাসনিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তিনি এ শিল্পকে অর্থনীতির মেরুদণ্ডে পরিণত করার ভিত্তি গড়ে দেন। পাশাপাশি নারী শিক্ষার প্রসার ও অবৈতনিক শিক্ষা চালুর মাধ্যমে তিনি দেশের বিপুল নারী জনগোষ্ঠীকে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরের পথ সুগম করেন, যা পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তন আনে।
বিজিএমইএ আরও জানায়, গণতন্ত্র রক্ষা, জাতীয় সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ ও জাতির কল্যাণে তার আজীবন সংগ্রাম ও ত্যাগের জন্য জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করবে।