প্রকাশিত: ৬:৪৮ অপরাহন, december ৩০, ২০২৫
সারাদিন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাশাপাশি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, জানাজা ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ঢাকায় আসবেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।