প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্, december ৩১, ২০২৫
সারাদিন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফনসহ শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় অংশ নিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন।
বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রীর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার ঢাকায় আসার কথা রয়েছে।
এ ছাড়া জানাজায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর বিশেষ দূত ঢাকায় আসবেন বলে জানানো হয়েছে।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। জানাজা ও দাফনে অংশ নিতে একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির আগমনের তথ্যও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।