Print

সারাদিন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্, december ৩১, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেওয়া বিশেষ সহকারীদের একজন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

এর আগে, গত বছরের নভেম্বর মাসে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। একই সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তৎকালীন উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম, যিনি কয়েক মাস আগেই পদত্যাগ করেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। সবশেষ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার নিয়োগ দেওয়া তিন বিশেষ সহকারীর সবাই দায়িত্ব ছাড়লেন।

Nagad
Nagad