Print

সারাদিন

গুলশানে শেষ শ্রদ্ধা: কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্, december ৩১, ২০২৫

সারাদিন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ বহনকারী গাড়িটি বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে হাসপাতাল থেকে বের হয়।

গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়ার পর সেখানে দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে দেখা গেছে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

বাসায় শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Nagad
Nagad