প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্, december ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব স্থাপনার সীমানার ১০০ মিটারের মধ্যে সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করতে বা করাতে পারবেন না।
এতে আরও উল্লেখ করা হয়েছে, সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রয়োজনে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানার পরিধি বাড়াতে পারবে।
নতুন বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার মুখে পড়বেন। একই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করলে দ্বিগুণ হারে জরিমানা আরোপ করা হবে বলেও অধ্যাদেশে জানানো হয়েছে।