প্রকাশিত: ১২:৪১ অপরাহন, december ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশান থেকে জানাজার জন্য জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে। মরদেহ বহনকারী গাড়িবহর বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে জানাজাস্থলে পৌঁছায়।
গাড়িবহরে একটি লাল-সবুজ রঙের বাসও ছিল। ওই বাসে ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার স্বজনরাও গাড়িবহরে অংশ নেন।
জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করার কথা রয়েছে।
জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।