Print

সারাদিন

নির্বাচনের আগে টঙ্গীর বিশ্ব ইজতেমায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

সারাদিন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমাসহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, তাবলীগ জামাতের একাংশের পক্ষ থেকে আগামী ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২-২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজনের আবেদন জানানো হয়েছিল। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচনকালীন সময়ে টঙ্গী ইজতেমা ময়দান সমাবেশমুক্ত রাখা প্রয়োজন।

এ বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Nagad
Nagad