প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫
সারাদিন ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) একই সময় ও পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার সময়, কেন্দ্র ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বে নির্ধারিত সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।