Print

সারাদিন

স্বামীর কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত খালেদা জিয়া

প্রকাশিত: ৫:১৩ অপরাহন, december ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

দাফনকালে সবার আগে কবরে নামেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। বিকেল সোয়া ৪টার দিকে দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং কিছুক্ষণ পর তা সম্পন্ন হয়।

এর আগে বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য নেওয়া হয় জিয়া উদ্যানে। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। পুরো এলাকায় শোক ও নীরবতার আবহ বিরাজ করে।

দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকাজুড়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়ার দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য ও ঘটনাবহুল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

Nagad
Nagad