প্রকাশিত: ৬:০৮ অপরাহন, december ৩১, ২০২৫
সারাদিন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে চিকিৎসা নিতে না দিয়ে হত্যা করা হয়েছে। এ মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। কারাগারে পর্যাপ্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী—তিনি হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু বের হন চরম অসুস্থতা নিয়ে।
নজরুল ইসলাম খান আরও বলেন, দেশ-বিদেশের চিকিৎসকদের মতে, পরবর্তী চার বছর গৃহবন্দি অবস্থায় তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ায় তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটে। শেষ পর্যন্ত এভাবেই মৃত্যুর কাছে হার মানতে হয় এই আপসহীন নেত্রীকে। ফলে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কোনোভাবেই দায়মুক্ত হতে পারেন না।
বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার পরিকল্পনা ও নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে বাংলাদেশ বিশ্বে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।
লিখিত বক্তব্যে তিনি খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার দাম্পত্য জীবন, জিয়াউর রহমানের শাহাদাতের পর সংকটময় সময়ে রাজনীতিতে নেতৃত্ব দেওয়া, জাতীয় নির্বাচনে জয়লাভ এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরেন।