Print

সারাদিন

মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমাল সরকার

প্রকাশিত: ৬:১৪ অপরাহন, জানুয়রী ১, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত তুলে ধরে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি আগে ২৫ শতাংশ ছিল, যা এখন কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি দেশে যারা মোবাইল ফোন উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং করেন, তাদের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশে মোবাইল ফোন উৎপাদনে নতুন উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে।

শফিকুল আলম বলেন, বর্তমানে বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত (ইউজড) মোবাইল ফোন দেশে আনা হয়, যা আংশিকভাবে রিপাবলিশ করে বাজারে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। ট্যাক্স কমানোর এই সিদ্ধান্তের ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এসব ফোনের দামও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে মোট ট্যাক্স ইনসিডেন্স ছিল ৬১ দশমিক ৮০ শতাংশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা কমে ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে আসবে।

Nagad
Nagad

সরকারের এই পদক্ষেপ মোবাইল ফোন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে ফোন পাওয়ার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।