Print

সারাদিন

নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডেই মেট্রোরেলে দুর্ঘটনা: তদন্ত কমিটি

প্রকাশিত: ৬:৪২ অপরাহন, জানুয়রী ১, ২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক:

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যুর ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং নকশাগত ত্রুটি এবং নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। এর আগে তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় গঠিত কমিটি।

উপদেষ্টা জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কনটেন্ট প্রচলিত মানদণ্ড অনুযায়ী ছিল না। বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করতে বিদেশি ল্যাবরেটরিতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, বিয়ারিং প্যাড ০.৮ শতাংশ ঢালু অবস্থায় স্থাপন করা হয়েছিল, যা বিচ্যুতির একটি কারণ হতে পারে। এছাড়া ফার্মগেট স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার এলাইনমেন্ট থাকলেও সোজা ও বৃত্তাকার অংশের মাঝে প্রয়োজনীয় ট্রানজিশন কার্ভ ব্যবহার করা হয়নি, যা নকশাগত ত্রুটির ইঙ্গিত দেয়। তদন্তে আরও উঠে এসেছে, সংশ্লিষ্ট পিয়ারগুলোতে (৪৩০ ও ৪৩৩) অন্যান্য অংশের তুলনায় কম্পন উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। নকশার ত্রুটির কারণে সৃষ্ট অতিরিক্ত পার্শ্ববল ও কম্পনের সঙ্গে বিয়ারিং প্যাড সরে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া কার্ড এলাইনমেন্ট ও স্টেশনের নিচে ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলেও দুর্ঘটনাস্থলের অংশে রিজিড ট্র্যাক ব্যবহার করা হয়েছে। ওই স্থানে ড্যাম্পার সিস্টেম থাকলে ভাইব্রেশন কমানো সম্ভব হতো বলে মত দিয়েছে কমিটি।

তবে পুরো তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি বলে স্পষ্ট করেন উপদেষ্টা।

Nagad
Nagad

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কার্ড এলাইনমেন্ট এলাকায় বিয়ারিং প্যাড সরে যাওয়া রোধে জরুরি কারিগরি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে থার্ড পার্টি ইন্ডিপেনডেন্ট কনসালট্যান্ট দিয়ে মেট্রোরেলের স্ট্রাকচারাল ও ট্র্যাক ডিজাইনের পূর্ণাঙ্গ পর্যালোচনা এবং একটি সার্বিক সেফটি অডিট পরিচালনার সুপারিশ করেছে কমিটি।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন করা হয়।