Print

সারাদিন

হলফনামায় হান্নান মাসউদের প্রায় কোটি টাকার সম্পদ, পেশা ব্যবসা

প্রকাশিত: ৮:১৩ অপরাহন, জানুয়রী ১, ২০২৬

সারাদিন ডেস্ক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তিনি প্রায় এক কোটি টাকার সম্পদের হিসাব দাখিল করেছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ টাকা, যা এসেছে ব্যবসা খাত থেকে।

২৬ বছর বয়সী এই প্রার্থীর কাছে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা। ব্যাংকে জমা রয়েছে ২ হাজার ৫৫ টাকা। এছাড়া তার স্বর্ণালংকারের মূল্য ৮ লাখ টাকা। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে যথাক্রমে ১ লাখ টাকা করে। হলফনামায় ১ লাখ টাকার ঋণপত্রও উল্লেখ করা হয়েছে।

সম্পদের অর্জনকালীন মূল্য ৪৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা দেখানো হলেও বর্তমানে এর বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা।

হলফনামায় হান্নান মাসউদ নিজেকে ‘ডিজিল্যান্ড গ্লোবাল’-এর স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন। পেশা হিসেবে তিনি ব্যবসার কথা উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে হলফনামায় ‘আলিম পাস’ উল্লেখ করা হয়েছে।

প্রায় কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান মাসউদ বলেন, সম্পদের হিসাব সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে দাখিল করা হয়েছে। তিনি দাবি করেন, ছাত্রজীবনে টিউশনি ও ব্যবসার মাধ্যমে ভালো আয় করেছেন। পাশাপাশি গত এক বছরে বিয়ে ও বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে উপহার হিসেবেও উল্লেখযোগ্য সম্পদ পেয়েছেন।

Nagad
Nagad

তিনি বলেন, ‘হলফনামায় কোনো তথ্য গোপন করা হয়নি। যা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ সত্য।’