প্রকাশিত: ১১:৫৮ অপরাহন, জানুয়রী ১, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের স্বার্থে আগামীতেও বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি সুন্দর, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারস্পরিক সহযোগিতার বিষয়ে জামায়াত অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিহাসের এক বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন। তার বিদায়ে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা ও চোখের পানি প্রমাণ করে—জাতির জন্য তার অবদান কতটা গভীর ছিল। এটি তার প্রাপ্য সম্মান, যা আল্লাহ তায়ালা তাকে দান করেছেন। এই বিদায় আমাদেরও অনুপ্রাণিত করে, যাতে আমরাও জাতির কল্যাণে কাজ করতে পারি।
তিনি বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কারের জন্য গণভোট এবং সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—সে বিষয়েও আলোচনা হয়েছে।
জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে অতীতেও বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করেছে, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারাও একই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের জন্য দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে মিলেমিশে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনের পর সরকার গঠনের আগে সবাই একত্রে বসে খোলা মনে আলোচনা করা হবে এবং জাতির স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বেগম খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি রেখে গেছেন, সেই পথ ধরেই দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।