Print

সারাদিন

খালেদা জিয়ার কবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল

প্রকাশিত: ৫:৫২ অপরাহন, জানুয়রী ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে দলে দলে আসছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীতে তাঁর কবরের পাশে ভিড় জমাতে থাকেন শোকাহতরা। তারা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেন। এ সময় প্রায় এক ঘণ্টা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের কবর প্রাঙ্গণে প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকে। পরিবারের সদস্যরা চলে যাওয়ার পর আবারও দলে দলে নেতাকর্মীরা কবর জিয়ারত করতে যান।

খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। জানাজায় দল-মতনির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। জুমার দিন হওয়ায় দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।