প্রকাশিত: ১১:৪৪ অপরাহন, জানুয়রী ২, ২০২৬
সারাদিন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বড় ধাক্কা খেলেন দুই হেভিওয়েট প্রার্থী। হলফনামায় তথ্য গোপন ও নথিপত্রে অসংগতির কারণে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ তার দাখিল করা হলফনামার সঙ্গে সম্পদের বিবরণীর নির্ধারিত ফরম সংযুক্ত করেননি। নির্বাচন বিধিমালা অনুযায়ী সম্পদের বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক হলেও তা অনুসরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় দেওয়া তথ্য যাচাই করে একাধিক অসংগতি ও অস্পষ্টতা পাওয়া যায়। এসব গরমিলের কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
তবে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।