Print

সারাদিন

এক চার্জে ৮০ কিলোমিটার: আফতাবনগরে বুয়েটের ই-রিকশার যাত্রা শুরু

প্রকাশিত: ২:১৩ অপরাহন, জানুয়রী ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আফতাবনগরে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-রিকশা। বাড্ডা–রামপুরা সড়ক থেকে আফতাবনগরে প্রবেশের সংযোগ সড়কে এ ই-রিকশার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে আফতাবনগরের আড্ডার মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ই-রিকশার উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এর আগে পল্টন, ধানমন্ডি ও উত্তরায় পরীক্ষামূলকভাবে বুয়েটের তৈরি ই-রিকশা চালু করা হয়েছিল। সেই পাইলট প্রকল্পের ধারাবাহিকতায় এবার আফতাবনগরে এ রিকশার চলাচল শুরু হলো। পর্যায়ক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্সধারী চালকরা নির্ধারিত রুটে কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়া ও গতিসীমা অনুযায়ী ই-রিকশা চালাতে পারবেন।

আয়োজকরা জানান, নতুন এ ই-রিকশায় লিথিয়াম ৩৮ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার চার্জে এটি ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। উন্নত ব্যাটারি ব্যবস্থার পাশাপাশি এতে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত থাকায় চালকরা প্রশিক্ষণ নিয়ে ই-রিকশা চালাতে আগ্রহী হচ্ছেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঢাকায় অধিকাংশ যানবাহনের ইঞ্জিন উচ্চগতির হলেও বাস্তবে শহরের গড় গতি মাত্র ৬ থেকে ৭ কিলোমিটার। এতে জ্বালানি অপচয় ও সময় নষ্ট হচ্ছে। শৃঙ্খলা ফিরিয়ে এনে স্বল্পগতির, পরিবেশবান্ধব যান চালু করলে নিরাপদ ও টেকসই নগর পরিবহন নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, ঢাকায় সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বিশৃঙ্খলা ও নিয়ম না মানা। বুয়েট উদ্ভাবিত ই-রিকশা সেই সমস্যা কমাতে ভূমিকা রাখবে। বর্তমানে চারটি রুটে পাইলটিং আকারে চালু করা হয়েছে এবং ভবিষ্যতে ধাপে ধাপে পুরো ঢাকা শহরে এই ই-রিকশা চালু করার পরিকল্পনা রয়েছে।

Nagad
Nagad

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান।