প্রকাশিত: ৫:৩৪ অপরাহন, জানুয়রী ৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সাম্প্রতিক ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এ ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘নো-কমেন্টস। ভিডিওটা আমরা পরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দেব।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চার মিনিট এক সেকেন্ডের ওই ভিডিওতে ফয়সাল করিম মাসুদ দাবি করেন, হাদি হত্যাকাণ্ডে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।
অনুষ্ঠানে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, প্রার্থীদের জীবনের ঝুঁকি বিশেষ পুলিশ (এসবি) দিয়ে যাচাই করে প্রয়োজন অনুযায়ী গানম্যান বা নিরাপত্তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের রিসোর্স সীমিত। এসবি যাচাই করে যখন নিশ্চিত করে যে কারও জীবনের ঝুঁকি রয়েছে, তখনই আমরা গানম্যান দিচ্ছি। নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ইতোমধ্যে বাড়ানো হয়েছে।’
ডিএমপি কমিশনার আরও বলেন, জাতীয় নির্বাচন পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। ‘সব লোকবল যদি ব্যক্তিগত নিরাপত্তায় ব্যস্ত রাখি, তাহলে ভোটকেন্দ্র পাহারা দেবে কে?’-উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা ও নির্বাচন নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে দায়িত্ব পালন করা হচ্ছে।
পুলিশ প্রশাসনের সাম্প্রতিক রদবদল প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের বাস্তবতা মফস্বল থেকে আলাদা। সে কারণে ঢাকার অভ্যন্তরীণ কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ওসি নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। জানুয়ারির শেষ দিকে প্রচারণা শুরু হলে পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হবে’।