Print

সারাদিন

বক্স অফিসে দাপট ‘ধুরন্ধর’-এর, ছাড়িয়ে গেল ‘জওয়ান’

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্, জানুয়রী ৪, ২০২৬

সারাদিন ডেস্ক

রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে রেকর্ড ভাঙার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। মুক্তির মাত্র ২৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয়ের দিক থেকে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জওয়ান’-কে ছাড়িয়ে গেছে ছবিটি। একই সঙ্গে বুকমাইশোতে টিকিট বিক্রির নিরিখে এটি এখন সর্বাধিক বিক্রিত হিন্দি সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করছে।

২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে। দীর্ঘ সময় পর ক্যারিয়ারে বড় হিট পেলেন রণবীর সিং। ২০২৬ সাল শুরু হলেও সিনেমাটির জনপ্রিয়তা কমেনি; বরং নতুন বছরে এসেও একের পর এক রেকর্ড গড়ে চলেছে এটি।

বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের হিসাবে ‘ধুরন্ধর’ ইতোমধ্যে শীর্ষ ছয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। পাশাপাশি বুকমাইশোতে সর্বোচ্চ টিকিট বিক্রির হিন্দি সিনেমার তকমাও অর্জন করেছে ছবিটি। টিকিট বিক্রির ক্ষেত্রে ‘ছাবা’, ‘স্ত্রী ২’ ও ‘জওয়ান’-কে পেছনে ফেলেছে রণবীরের এই সিনেমা। সিনেমাটির সংশোধিত সংস্করণও দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাণিজ্য বিশ্লেষক নিশিত শাহ এক টুইটে জানান, ‘ধুরন্ধর’ এখন আনুষ্ঠানিকভাবে বুকমাইশোতে সর্বাধিক বিক্রিত হিন্দি সিনেমা। এই প্ল্যাটফর্মে ছবিটির টিকিট বিক্রি ১৩ মিলিয়নের বেশি ছাড়িয়েছে।

বুকমাইশোতে টিকিট বিক্রির তালিকায় ‘ধুরন্ধর’ শীর্ষে থাকলেও এর পরেই রয়েছে ‘ছাবা’ (১২.৫৮ মিলিয়ন), ‘জওয়ান’ (১২.৪ মিলিয়ন) এবং ‘স্ত্রী ২’ (১১.৬ মিলিয়ন)।

এদিকে, একক ভাষায় (শুধু হিন্দি) মুক্তি পেয়েও ‘ধুরন্ধর’ ১০০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে নজির গড়েছে। অন্য কোনো ভাষায় ডাবিং ছাড়াই এই সাফল্য পেয়েছে ছবিটি, যেখানে ‘জওয়ান’ তামিল ও তেলেগু ডাবিংয়ের পর এই রেকর্ড স্পর্শ করেছিল।

Nagad
Nagad

উত্তর আমেরিকার বাজারেও বড় সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর’। সেখানে সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় এটি এখন তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় প্রথম স্থানে ‘বাহুবলী ২’ এবং দ্বিতীয় স্থানে ‘কল্কি ২’। উত্তর আমেরিকায় শাহরুখ খানের ‘পাঠান’-কেও ছাড়িয়ে গেছে রণবীরের সিনেমাটি। ‘পাঠান’ যেখানে আয় করেছিল ১৭.৪৯ মিলিয়ন ডলার, সেখানে ‘ধুরন্ধর’-এর আয় ছাড়িয়েছে ১৭.৫০ মিলিয়ন ডলার।

২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’ সিনেমার আয় প্রায় ১১৭৫ কোটি রুপিতে পৌঁছেছে। এই আয়ে সিনেমাটি ‘জওয়ান’-কেও পেছনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক চূড়ান্ত হিসাব প্রকাশ হয়নি। উল্লেখ্য, ‘জওয়ান’-এর আজীবন আয় ছিল আনুমানিক ১১৬০ কোটি রুপি।

বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী বলিউড সিনেমার তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে ‘দঙ্গল’ (২০৭০ কোটি রুপির বেশি)। এরপর রয়েছে ‘ধুরন্ধর’ (১১৭০ কোটি রুপির বেশি), ‘জওয়ান’ (১১৬০ কোটি রুপি), ‘পাঠান’ (১০৫৫ কোটি রুপি) এবং ‘অ্যানিম্যাল’ (৯১৭.৮২ কোটি রুপি)।