Print

সারাদিন

জকসু নির্বাচন: কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্, জানুয়রী ৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ও নজরদারি লক্ষ্য করা গেছে। নির্ধারিত নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করছেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে পাস কার্ড প্রদর্শন করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভোটার শিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট শেষে শিক্ষার্থীরা ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে যাতায়াত করা যাবে না।

নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোটগ্রহণ চলাকালীন সময়ে ক্যাম্পাসে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবে। পাশাপাশি নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত নন-এমন সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Nagad
Nagad