Print

সারাদিন

মার্কেন্টাইল ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: ওরিয়ন গ্রুপ চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১০:১৩ অপরাহন, জানুয়রী ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ওরিয়ন গ্রুপকে অবৈধ সুবিধা দিয়ে প্রায় ৫০৭ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন-ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সালমান ওবায়দুল করিম, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সাবেক ডিএমডি ও শাখা ব্যবস্থাপক গাউস-উল-ওয়ারা মোর্তজা, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ প্রতাপ কুমার দেশমুখ্য, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার মো. অলিউল্লাহসহ ব্যাংকের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন করেন। পাশাপাশি ব্যাংকিং আইন লঙ্ঘন করে মার্কেন্টাইল ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে নেওয়া বৈদেশিক মুদ্রার দুটি মেয়াদি ঋণকে ডমেস্টিক ব্যাংকিং ইউনিটভুক্ত দেশীয় মুদ্রার ঋণে রূপান্তর করা হয়।

অনুসন্ধানে আরও দেখা যায়, পূর্বের শ্রেণিকরণযোগ্য ঋণের দায় পরিশোধের জন্য নতুন ঋণ সৃষ্টি করা হয়। যথাযথ ডাউন পেমেন্ট পরিশোধ না করেই ঋণ পুনঃতফসিলিকরণ করে মেয়াদ আরও সাত বছর বাড়ানো হয়। এসব অনিয়মের মাধ্যমে গ্রাহককে অযৌক্তিক সুবিধা দিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ দুদকের।

Nagad
Nagad

এদিকে, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম এবং তার স্ত্রী ও ওরিয়ন গ্রুপ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিচালক আরজুদা করিমের নামে-বেনামে অর্জিত সম্পদের তথ্য যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।