প্রকাশিত: ২:৪৭ অপরাহন, জানুয়রী ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের ওপেনিং স্টেটমেন্ট ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দমনে সালমান এফ রহমান ও আনিসুল হক পরস্পরের সঙ্গে পরামর্শ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে উসকানি দেন। এ সংক্রান্ত কথোপকথনের অডিও রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা মিরপুর এলাকায় ধারাবাহিক হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করে। এসব ঘটনায় আসামিরা কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি এবং সহিংসতায় প্ররোচনা দিয়েছেন।
অন্যদিকে, আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে অডিও রেকর্ডের সত্যতা যাচাইয়ে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের আবেদন জানালেও ট্রাইব্যুনাল তা নাকচ করেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার দেখানো হয়।