Print

সারাদিন

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্, জানুয়রী ১৩, ২০২৬

সারাদিন ডেস্ক

পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি-বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’

রোববার (১২ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হযরত গেদু শাহ্ চিশস্তি (রহ.)-এর ৪৯তম বাৎসরিক ওরশ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ।’

নুর বলেন, ‘প্রত্যেক মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার সবার আছে। কাউকে গায়ের জোরে বাধা দেওয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক চর্চা ও সহাবস্থানের মাধ্যমেই এলাকার উন্নয়ন সম্ভব।

Nagad
Nagad