Print

সারাদিন

বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল

প্রকাশিত: ১:০০ অপরাহন, জানুয়রী ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। তিনি জানান, মঙ্গলবার হঠাৎ করে ফেরদৌস আরার তীব্র মাথাব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। তবে তার অসুস্থতার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি একজন শিক্ষক স্বামীর স্ত্রী এবং এক কন্যা সন্তানের জননী।

তার আকস্মিক মৃত্যুতে প্রশাসন ক্যাডারসহ স্থানীয় প্রশাসনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Nagad
Nagad